প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, আইজিপি তাঁর বক্তব্য থেকে সরে এসেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আইজিপির বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, “প্রধানমন্ত্রী তো দেশে নাই। আইজিপির ব্যাপারে যদি অন্যান্য কোনো সিদ্ধান্ত থাকারও প্রবণতা থাকে এটা তিনি (প্রধানমন্ত্রী) বিবেচনা করবেন উনি কী করবেন। সরকারের ফাইনাল অবস্থান কী হবে এটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী নিজে বিবেচনা করবেন।”
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, সরকার কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না।
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দুঃখজনক। লাশ নিয়ে এমন আচরণ কেউ পছন্দ করেনি।
সোমবার রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে উগ্রদের আস্ফালন রয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ ধরনের অপরাধ করবে, বর্তমান সরকারের আমলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভারত থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সম্মেলনে অংশ নেওয়ার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ভারত থেকে শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে পছন্দ করছে না বাংলাদেশ। তাঁর বিষয়ে সরকারের মনোভাব আগের মতোই রয়েছে।
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদের যেসব পয়েন্টে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো নিয়েও কাজ করবে সরকার।
মন্তব্য করুন