প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই তিন অভিনয়শিল্পী ইতোমধ্যে বিয়ে করেছেন। সংসার সামলে অভিনয়েও নিয়মিত তাঁরা। অন্যদিকে, অভিনেত্রী সাফা কবিরকে ঘিরে প্রায়ই ওঠে একই প্রশ্ন—কবে বিয়ে করছেন তিনি? তবে বিয়ে ও একক জীবন নিয়ে এমন ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত এই অভিনেত্রী। তাঁর মতে, এসব বিষয়ে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা উচিত।
সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনযাপন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সাফা কবির। তিনি জানান, চারপাশে বন্ধুদের বিয়ে হচ্ছে, অনেকের সন্তানও হচ্ছে। এর মধ্যে নিজের একক জীবন নিয়ে তাঁকে প্রায়ই অযাচিত প্রশ্নের মুখে পড়তে হয়।
সাফার মতে, এখনকার সময়ে মানুষের বোঝা উচিত, এ ধরনের প্রশ্ন অনেকের জন্যই অস্বস্তিকর হতে পারে। মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের মতো তারকাদেরও নিজেদের জীবন ও সময়ের ওপর অধিকার রয়েছে।
এত প্রশ্ন ও চাপের মধ্যেও নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা। তিনি বলেন, ‘নিজের জীবন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কৃপায় সুন্দর একটি জীবন কাটছে আমার।’
জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে প্রসঙ্গে নিজের পছন্দের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর পছন্দ শিক্ষিত, রসবোধসম্পন্ন ও ভালো মনের একজন মানুষ।
অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেন সাফা। তাঁর মতে, পর্দায় কোনো চরিত্রকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা অনেক সময় কঠিন এবং তা মানসিকভাবেও প্রভাব ফেলতে পারে। পেছনে অস্বস্তিকর পরিস্থিতি কিংবা ব্যস্ত সময়সূচি থাকলেও দর্শকের ভালোবাসা পেতে শিল্পীরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন বলে জানান তিনি।
নিজের কাজ নিয়ে অবশ্য কখনোই শতভাগ সন্তুষ্ট নন সাফা। তাঁর মতে, একজন শিল্পীর মধ্যে নিজের কাজ নিয়ে কিছুটা অসন্তুষ্টি থাকা ভালো। এতে আরও ভালো করার তাগিদ তৈরি হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ওয়েব ফিল্মে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। বিশেষ করে অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করতে চান সাফা।
নিজের জীবনদর্শন সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে আত্মনির্ভরশীল মানুষ মনে করি এবং সব অবস্থায় ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজের সমস্যা নিজে সমাধান করা আর আশপাশের পরিবেশকে ইতিবাচক রাখাই আমার জীবনের অন্যতম লক্ষ্য।’
মন্তব্য করুন