বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৫:০০ পিএম

অনলাইন সংস্করণ

কৃতির পোশাক নিয়ে বিতর্ক, আক্রমণের শিকার তাঁর বাবা-মা ও বোনও

রাখি উৎসবের একটি বিজ্ঞাপন ঘিরে বিতর্ক ও সামাজিক মাধ্যমে পরিবারের সদস্যদের প্রতি অশালীন মন্তব্যের ঘটনা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি কারিনা কাপুর খানের ইউটিউব অনুষ্ঠান ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ অতিথি হয়ে তিনি বলেন, যারা ভারতীয় সংস্কৃতি ও সম্মানের কথা বলেছিলেন, তাঁদেরই কেউ কেউ তাঁর বাবা-মা ও বোনের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় অশ্রাব্য ভাষায় মন্তব্য করেছেন।

গহনা প্রস্তুতকারী সংস্থা জিভার একটি রাখি উৎসবের বিজ্ঞাপনে অভিনয় করে বিতর্কে জড়ান কৃতি। বিজ্ঞাপনে ভাইকে রাখি পরানোর সময় তাঁর পরনে ছিল আধুনিক ধাঁচের ব্রালেট, স্কার্ট ও কেপ। পাশাপাশি পোষ্য কুকুরের হাতে রাখি বাঁধার দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

বিজ্ঞাপনটি নিয়ে বিতর্ক বাড়তে থাকলে নিজের পোশাক ও উৎসবের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন কৃতি। তিনি প্রশ্ন তোলেন, নারীর পোশাকের ভিত্তিতে কেন তাঁর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বিচার করা হবে। পরে সমালোচনার মুখে জিভা বিজ্ঞাপনটি বিভিন্ন মাধ্যম থেকে সরিয়ে নেয়।

কারিনা কাপুর খানের অনুষ্ঠানে কৃতি বলেন, ‘এত ঘৃণা যে কেন! আমি সাধারণত পোস্টের নিচে মন্তব্য পড়ি না। কিন্তু কখনো কখনো মানুষ এতটা কুরুচিকর হয়ে ওঠেন! যারা সংস্কৃতি ও সম্মানের কথা বলেন, আশ্চর্যের বিষয়, তারাই আমার বাবা-মা ও বোনের পোস্টে সবচেয়ে নোংরা এবং অকথ্য ভাষায় মন্তব্য করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমার বোন আমাকে পরামর্শ দিয়েছিল যে, আমার মন্তব্য করার জায়গাটা বন্ধ করে দেওয়া উচিত। আমি জিজ্ঞাসা করি যে, কেন? কারণ ঘটনাটা আমাকে বিচলিত করেছিল। আমার মনে হয়, নারীদের নিজেদের জন্য সরব হওয়া জরুরি। এ মানুষগুলোকে কে অধিকার দিয়েছে এমন মন্তব্য করার? আর কীসের ভিত্তিতে এমন কথা বলেন তারা?’

বিজ্ঞাপন ঘিরে বিতর্কের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কৃতি বলেন, ‘সাধারণত আমি কোনো বিষয়ে কিছু বলি না। কিন্তু আমার মনে হয়েছিল, এ বিতর্কটা শুধু আমাকে নিয়ে নয়। এর পেছনে আরও বড় একটা বিষয় রয়েছে। আমার মনে হয়, নারীদের সবসময় সবকিছুর জন্য বিচার করা হয়। ছোটখাটো বিষয়েও শুধু নারীদেরই নিশানা করা হয়। কী পোশাক পরবে, সে খুব বেঁটে না লম্বা, সে অন্তঃসত্ত্বা কিনা— এগুলো কী? তবে এটা একান্তই আমার মতামত।’

তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সহজেই আক্রমণের লক্ষ্যবস্তু করা হয় উল্লেখ করে কৃতি বলেন, তারকারাও মানুষ এবং এ ধরনের ঘটনা তাঁদেরও আঘাত করে। সমাজে লিঙ্গবৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে সরব হওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। তাঁর মতে, এই মানসিকতা ভাঙতে হলে ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে কথা বলতে হবে।

কাজের ক্ষেত্রে কৃতিকে সর্বশেষ ‘ককটেল ২’ সিনেমায় দেখা গেছে। এতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।

 

 

মন্তব্য করুন