প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ
দেশে ডেঙ্গুর প্রকোপে এক দিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।
বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৭১ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৬ ও ১৫ অক্টোবর দেশে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় আগের সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
মন্তব্য করুন