প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৯৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রাম ও খুলনায় দুজন করে এবং ঢাকা ও বরিশালে একজন করে মারা গেছেন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন রয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন, যাদের সবাই ঢাকা বিভাগের।
এ সময়ে হাম আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে ১ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত তথ্যও তুলে ধরা হয়েছে। এ সময় দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।
একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। এ সময় মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯০ জন।
মন্তব্য করুন