বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০১:৩২ পিএম

অনলাইন সংস্করণ

আলভীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন তিথি

জাহের আলভী ও ইফফাত আরা তিথি। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন ছিল যে জাহের আলভীর সঙ্গে তিথির প্রেমের সম্পর্ক রয়েছে। এ বিষয়ে তিথি বলেন, "আলভীর সঙ্গে আমি দীর্ঘ চার-পাঁচ বছর ধরে কাজ করছি। একই অফিসে কলিগদের মধ্যে যেমন বন্ধুত্ব হয়, আমাদের সম্পর্কটাও তেমন। ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু, এটি আমি আগেও বহু সাক্ষাৎকারে বলেছি।"

 

ইকরার মৃত্যুর সময় আলভী ও তিথি একটি শুটিং ইউনিটের সঙ্গে নেপালে ছিলেন। তিথি অভিযোগ খণ্ডন করে বলেন, "অনেকেই বলছেন আলভী স্ত্রীকে না দেখে গার্লফ্রেন্ড নিয়ে নেপালে ঘুমিয়ে আছেন—এটি ভুল কথা। আমরা পুরো টিমের সাথে ৩ মার্চ (মঙ্গলবার) দেশে ফিরেছি। ইকরা যেদিন মারা যান, সেদিনই আমরা টিকিটের চেষ্টা করেছি কিন্তু পাওয়া যায়নি। পরের দিন ব্যবস্থা করে সবাই একসাথে ফিরেছি।"

 

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ইকরার পরিবার ও বন্ধুদের অভিযোগ, আলভীর সঙ্গে সহশিল্পী তিথির বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন ইকরা। এ ঘটনায় আলভী ও তিথিকে অভিযুক্ত করে মামলাও দায়ের করা হয়েছে।

 

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাঁদের সংসারে 'রিজিক' নামে একটি পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের এমন করুণ পরিণতিতে শোবিজে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন