নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত: ৪৪ মিনিট আগে, ০৮:২৩ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরে অন্যের সংসার ভাঙনের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, বিচার চেয়ে বিপাকে স্বামী

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা, সংসার ভাঙার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শ্রীপুর পৌর যুবদলের সদস্যসচিব ও গাজীপুর জেলা যুবদলের সদস্য মো. আবু তাহের প্রধানের বিরুদ্ধে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের মাধ্যমে পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী মো. আলমগীর হোসেন।

গত ২০ অক্টোবর আলমগীর হোসেনের দেওয়া ওই লিখিত অভিযোগে বলা হয়, তিনি ও তাঁর স্ত্রী প্রায় পাঁচ বছর ধরে গাজীপুরের শ্রীপুর থানাধীন বহেরারচালা নতুন বাজার এলাকায় ভিমটেক্স গার্মেন্টসের পাশে যুবদল নেতা আবু তাহের প্রধানের বাড়িতে ভাড়া থাকতেন। কর্মসূত্রে তাঁকে বাড়িতে কম সময় অবস্থান করতে হতো। এ সুযোগে বাড়ির মালিক তাঁর স্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ শুরু করেন। পরে আর্থিক সুবিধা, বিয়ের প্রলোভন ও বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আবু তাহের প্রধান তাঁর রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে আলমগীর হোসেনকে ভয়ভীতি প্রদর্শন করতেন। তাঁর স্ত্রীকে স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এমনকি স্বামীকে হত্যা করে পথের কাঁটা সরিয়ে ফেলার পরিকল্পনার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আলমগীর হোসেন জানান, তাঁদের ১২ বছরের দাম্পত্য জীবনে নয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিনের সংসারে ভাঙন দেখা দেওয়ায় তিনি ও তাঁর পরিবার মানসিক ও পারিবারিক সংকটে পড়েছেন। নিরাপত্তাহীনতার কারণে তাঁকে আত্মগোপনে থাকতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কথোপকথনের একটি অডিও রেকর্ড এবং বেশ কিছু বার্তা ছড়িয়ে পড়েছে। প্রকাশিত অডিওতে আবু তাহের প্রধানকে আলমগীর হোসেনের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আমি আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলতে চাই। আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এর জন্য আমার কী করতে হবে, বলেন। আপনি ক্ষমা না করলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই।’

এ ছাড়া তাঁদের মধ্যে আদান-প্রদান হওয়া বিভিন্ন বার্তায় একে অপরের অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়া, বিকাশে টাকা পাঠানো এবং ‘তোমার পাশে থাকব সব সময়’, ‘তুমি কোনো টেনশন করবা না’ ও ‘বাসায় আসব’—এ ধরনের কথোপকথন রয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে আবু তাহের প্রধানের বড় ভাই আবুল হোসেন প্রধানের বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগের একটি প্রায় আধঘণ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর তাঁকে জেলা বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু তাহের প্রধান বলেন, এ নিয়ে আমার সঙ্গে কোনো কথা নেই। আপনার কিছু জানার থাকলে শ্রীপুর থানার ওসির সঙ্গে কথা বলেন।

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবদলের কাছে দাখিল করা অভিযোগের একটি কপি আমাদের হাতে রয়েছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যস্ত থাকায় এ বিষয়ে আমরা সমন্বয় করতে পারিনি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন