বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫০ মিনিট আগে, ০৬:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

জনপ্রিয়তা ধরে রাখার মন্ত্র জানালেন কৌশানি

দীর্ঘদিন অভিনয় করেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তবে ২০২৪ সালে ‘বহুরূপী’ সিনেমায় ঝিমলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সাফল্য ও জনপ্রিয়তা ধরে রাখার পেছনের মন্ত্র হিসেবে ধৈর্যের কথা জানিয়েছেন অভিনেত্রী।

‘কেলোর কীর্তি’, ‘গার্লফ্রেন্ড’, ‘তোমাকে চাই’ ও ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমায় অভিনয় করে টালিউডে নিজের অবস্থান তৈরির চেষ্টা করেছিলেন কৌশানি। কিন্তু এসব সিনেমার পরও প্রত্যাশিত জনপ্রিয়তা পাননি তিনি। ‘বহুরূপী’ সিনেমায় ঝিমলি চরিত্রে অভিনয়ের পর দর্শকের কাছে নতুনভাবে পরিচিতি পান অভিনেত্রী। পরে ‘রক্তবীজ ২’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।

চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পাওয়া ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়ও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে দেরিতে সাফল্য পাওয়ার পরও কীভাবে জনপ্রিয়তা ধরে রাখছেন, সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন কৌশানি।

সাক্ষাৎকারে কৌশানি বলেন, “আমার মতে জনপ্রিয়তা ধরে রাখার একমাত্র ওষুধ হলো ধৈর্য। তোমাকে ধৈর্য ধরতেই হবে। আমি নিজে দেখেছি এতগুলো বছর অপেক্ষা করার পর অবশেষে আমার প্রিয় চরিত্র বা স্বপ্নের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি।”

নিজের দীর্ঘ অপেক্ষাকেই জীবনের সবচেয়ে বড় সংগ্রাম বলে উল্লেখ করেন তিনি। কৌশানি বলেন, “আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে আজকের জন্য আর সেই অপেক্ষা তাই আমার স্ট্রাগল। হয়তো আমাকে প্রত্যেক পরিচালকের কাছে গিয়ে গিয়ে অডিশন দিতে হয়নি, কিন্তু এই অপেক্ষাটাই হলো আমার জীবনের একমাত্র স্ট্রাগল।”

ব্যক্তিগত জীবনে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন কৌশানি। বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে আপাতত বিষয়টি এড়িয়ে নিজের কাজেই মনোযোগ দিতে চান তিনি। পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য তাগাদা থাকলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

 

মন্তব্য করুন