প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান। একই সঙ্গে পরীক্ষায় অকৃতকার্য এবং প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় ড. আতাউর রহমান বলেন, “যারা কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছো, তোমাদের এই সাফল্য অত্যন্ত আনন্দ ও গর্বের। উচ্চশিক্ষার পরবর্তী ধাপে তোমরা আরও বড় সফলতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হবে—এটাই আমার প্রত্যাশা। তোমাদের এই যাত্রায় রইলো নিরন্তর শুভকামনা।”
পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা কিংবা কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “একটি পরীক্ষার ফলাফল কখনো জীবনের শেষ কথা হতে পারে না। সাময়িক এই ব্যর্থতায় ভেঙে পড়ার কিছু নেই। জীবন অত্যন্ত বৈচিত্র্যময় এবং সামনে এগিয়ে যাওয়ার অসংখ্য বিকল্প পথ রয়েছে।”
তিনি আরও বলেন, “ব্যর্থতা হলো নতুন করে এবং আরও শক্তভাবে শুরু করার একটি সুযোগ। কোনো অবস্থাতেই হার মানা চলবে না। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে, নিজের ত্রুটিগুলো শুধরে নিয়ে নতুন উদ্যোমে এগিয়ে যেতে হবে। দৃঢ় আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরাও একদিন সাফল্যের চূড়ায় পৌঁছাবে, এই বিশ্বাস আমার আছে।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে ড. আতাউর রহমান সকল শিক্ষার্থীর সুন্দর, উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে দেশের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
মন্তব্য করুন