প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়েছে সরকার। পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিন ছুটি উপভোগ করতে পারবেন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, এই ছুটির আওতায় সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে না। জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা সচল থাকবে।
চিকিৎসা সেবায় নিয়োজিত হাসপাতাল কর্মী, ডাক্তার এবং ওষুধ-চিকিৎসা সরঞ্জাম বহনকারী কর্মীও ছুটির আওতাবহির্ভূত থাকবেন। এছাড়া জরুরি কার্যক্রমে নিয়োজিত অন্যান্য অফিস ও কর্মীরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন।
ব্যাংক ও আদালতের কার্যক্রম নিয়ে পৃথক নির্দেশনা দেবে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট। বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এর আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকবে। নতুন প্রজ্ঞাপনের ফলে ১৮ মার্চও সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
মন্তব্য করুন