প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর মাধ্যমে নারী প্রধান পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে যাচ্ছে সরকার।
এই পাইলট প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে কার্ড দেওয়া হবে। এতে মোট ৩৭ হাজার ৫৬৪টি পরিবার এই সুবিধা পাবে।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সমাজকল্যাণমন্ত্রী জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য সুবিধা পাবেন। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারে সদস্য সংখ্যা পাঁচের বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
পাইলটিং পর্যায়ে নির্বাচিত উপকারভোগীরা মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। ভবিষ্যতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করবে সরকার।
প্রাথমিকভাবে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৪টি পরিবারকে ভাতার জন্য নির্বাচন করা হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতিটি নারী প্রধান পরিবারকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। স্পর্শবিহীন (কন্টাক্টলেস) চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি সম্বলিত এই কার্ড নিরাপদ ও দীর্ঘস্থায়ী হবে।
মন্তব্য করুন