তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:২২ পিএম

অনলাইন সংস্করণ

মিরপুরে বহুতল ভবনে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর ২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরে মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ‘এল এ প্লাজা’ নামের দশতলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন।

তিনি বলেন, আগুন লাগার পর ভবনের ভেতরে আটকে পড়া মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন নারীকে অসুস্থ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাকি সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

মন্তব্য করুন