তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:২৯ পিএম

অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের প্রভাব ইউরোপে, জ্বালানি সংকটের সতর্কতা ইইউ প্রধানের

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন দশম দিনে গড়িয়েছে। চলমান এই সংঘাতে হাজারো মানুষের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এর প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে এবং বিশেষ করে ইউরোপের দেশগুলো জ্বালানি সংকটের ঝুঁকিতে পড়ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।

সোমবার (৯ মার্চ) তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব ইতোমধ্যে ইউরোপে অনুভূত হচ্ছে। এর ফলে জ্বালানির দাম বাড়ছে এবং পশ্চিমা সামরিক জোটের মিত্ররাও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে এক মধ্যাহ্ন বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, “আমরা এখন অনাকাঙ্ক্ষিত পরিণতিসহ একটি আঞ্চলিক সংঘাত দেখছি এবং এর প্রভাব ইতোমধ্যেই বাস্তবে রূপ নিতে শুরু করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের নাগরিকরা এই সংঘাতের মধ্যে আটকা পড়েছে। আমাদের সহযোগীরাও আক্রান্ত হচ্ছে।” উদাহরণ হিসেবে তিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরান তৈরি ড্রোন হামলার কথা উল্লেখ করেন। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত এবং মানুষের বাস্তুচ্যুতির বিষয়টিও তুলে ধরেন।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের বার্ষিক সমাবেশে তিনি বলেন, চলমান এই যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলতে পারে। একই সঙ্গে বিশ্ব রাজনীতিতে ২৭টি দেশের এই জোটের অবস্থান নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছে।

তিনি সতর্ক করে বলেন, “আমরা যদি নিজেদের গুটিয়ে নিই এবং এই বিশৃঙ্খল বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে তা হবে একটি বড় ভুল।”

 

মন্তব্য করুন