প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনিকে অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেওয়া এক বার্তায় তিনি তেহরানের প্রতি মস্কোর সংহতি পুনর্ব্যক্ত করেন এবং ইরানের পাশে থাকার অঙ্গীকার করেন।
মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতাবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই নিয়োগকে স্বাগত জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করতে চান।
পুতিন তার বার্তায় বলেন, “আমি তেহরানকে আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি আবারও নিশ্চিত করতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, ইরান সবসময় রাশিয়ার ওপর ভরসা রাখতে পারে এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতেও দৃঢ় থাকবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।” মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “ইরান যখন সশস্ত্র আগ্রাসন মোকাবিলা করছে, তখন এই গুরুত্বপূর্ণ পদে আপনার আসীন হওয়া অনেক সাহস ও দায়িত্বের পরিচয় বহন করে।”
অন্যদিকে মুজতাবা খামেনিকে সমর্থন জানিয়ে পুতিনের এই বার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আয়াতুল্লাহ খামেনির ছেলে তার কাছে ইরানের নতুন নেতা হিসেবে গ্রহণযোগ্য নন।
ট্রাম্পের মতে, ইরানের নেতৃত্বে এমন একজন থাকা উচিত যিনি দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, নতুন নেতা যদি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য না হন, তাহলে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না।
মন্তব্য করুন