তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

পাইলট প্রকল্পে প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

সংগ্রহীত ছবি

দেশের ১৩টি জেলা ও সিটি করপোরেশনসহ ১৫টি ইউনিয়নের ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। কর্মসূচির প্রথম ধাপে দেশের ৩৭,৫৬৪টি নারীপ্রধান পরিবার এই সুবিধা পাবে।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, “নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া হবে।”

মন্ত্রী আরও বলেন, প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য সুবিধা পাবেন। যৌথ বা একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে সদস্যসংখ্যা বেশি হলে অনুপাতমতো একাধিক কার্ড দেওয়া হবে।

এই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত পরিবারগুলিকে মাসিক আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। ভবিষ্যতে খাদ্যপণ্য সহায়তা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে মন্ত্রী উল্লেখ করেছেন, “ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান অন্যকোনো সরকারি ভাতা বা সহায়তা পেলে সেক্ষেত্রে সেই সুবিধা বাতিল হিসেবে গণ্য হবে। তবে পরিবারের অন্য সদস্যরা তাদের প্রাপ্য ভাতা গ্রহণ অব্যাহত রাখতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

মন্ত্রী জানান, উপকারভোগী পরিবার নির্বাচন করা হয়েছে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে। “ওয়ার্ড কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালি সামগ্রী এবং রেমিট্যান্স প্রবাহসহ নানা তথ্য সংগ্রহ করেন। পরে এসব তথ্য যাচাই-বাছাই করে সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট পদ্ধতিতে পরিবারগুলোকে শ্রেণিবিন্যাস করা হয়।”

প্রাথমিকভাবে ৬৭,৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও যাচাই-বাছাই শেষে ৩৭,৫৬৪টি পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। প্রতিটি পরিবারকে একটি করে স্মার্ট কার্ড প্রদান করা হবে।

মন্তব্য করুন