প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম সরকারি নথিতে সংশোধন করা হয়েছে। এ সংক্রান্ত একটি সংশোধনী প্রজ্ঞাপন রোববার (৮ মার্চ) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম আগে ‘আমীর খসরু মাহমুদ চৌধুরী’ হিসেবে উল্লেখ ছিল। সেটি সংশোধন করে ‘আমির খসরু মাহমুদ চৌধুরী’ করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নামও সংশোধন করা হয়েছে। আগে তার নাম ‘আব্দুল আউয়াল মিন্টু’ হিসেবে লেখা ছিল, যা পরিবর্তন করে ‘আবদুল আউয়াল মিন্টু’ করা হয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নামও সংশোধন করা হয়েছে। আগে সরকারি নথিতে তার নাম ‘কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ’ হিসেবে উল্লেখ ছিল। সংশোধনের মাধ্যমে তা ‘কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)’ করা হয়েছে।
এ ছাড়া কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের নাম আগে ‘মোহাম্মদ আমিন উর রশীদ’ লেখা ছিল। সংশোধনের মাধ্যমে সেটি ‘মোহাম্মদ আমিন উর রশিদ’ করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নামও সংশোধন করা হয়েছে। আগে সরকারি নথিতে তার নাম ‘মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’ লেখা ছিল। সংশোধনের মাধ্যমে সেটি ‘মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’ করা হয়েছে।
এদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োজিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের নামও সংশোধন করা হয়েছে। আগে তার নাম ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম’ হিসেবে উল্লেখ ছিল। সংশোধনের মাধ্যমে সেটি ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম’ করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। একই দিন ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয় এবং নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ তার নাম সংশোধনের জন্য আবেদন করেছেন। আগে তার নাম ‘হাফিজ উদ্দিন আহমেদ’ হিসেবে লেখা ছিল। এ সংক্রান্ত আবেদন ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন