তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

প্রতীকী ছবি

শ্রীলঙ্কা বুধবার (৪ মার্চ) তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট আইরিস ডেনা থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, জাহাজটির সমস্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। তবে আহত নাবিকদের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

হেরাথ জানান, ১৮০ জন ক্রু-সদস্যের ফ্রিগেট ভোরের দিকে বিপৎসংকেত পাঠায়। উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়। তিনি জানিয়েছেন, ইরানি যুদ্ধজাহাজটি ডোবার কারণ এখনও প্রকাশ করেননি।

পার্লামেন্টে এক বিরোধী আইনপ্রণেতা জানতে চান, চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার অংশ হিসেবে জাহাজটিতে বোমা হামলা হয়েছিল কি না। তবে এ বিষয়ে শ্রীলঙ্কা সরকার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ জানিয়েছেন, তাদের অভিযান আন্তর্জাতিক সামুদ্রিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তিনি এএফপিকে বলেন,

‘ভারত মহাসাগরে আমাদের অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে হওয়ায় আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় আমরা বিপৎসংকেতে সাড়া দিয়েছি।’

স্থানীয় কর্মকর্তারা জানান, রাজধানী থেকে ১১৫ কিলোমিটার (৭০ মাইল) দক্ষিণে অবস্থিত একটি হাসপাতাল উদ্ধার করা নাবিকদের গ্রহণের জন্য সতর্কাবস্থায় রাখা হয়েছে।

মন্তব্য করুন