প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার।
বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য। রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন,
‘অতীতের মতো তাবেদারি নয় পুলিশকে জনবান্ধব করা হবে। এ ছাড়া, যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ করা হবে।’
তিনি আরও বলেন,
‘যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে।’
জনগণকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
‘এটি জনগণের সরকার- আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ আইনের গতিতেই চলবে।’
প্রশাসনিক শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন,
‘ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না- এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।’
রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ডিএমপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন