প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ
সামিয়া অথৈইয়ের ফেসবুক লাইভের প্রেক্ষিতে তানজিন তিশা জানান, নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী তাঁর চরিত্রটি একজন বিশেষ শিশুর (Special Child)। চরিত্রের প্রয়োজনে তাঁকে অন্যকে মারা, কামড় দেওয়া বা পানিতে চুবিয়ে ধরার মতো দৃশ্য করতে হচ্ছে। তিশা বলেন, “আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। স্ক্রিপ্টে যতটুকু আছে, আমি তার বাইরে কিছুই করিনি।”
অথৈইয়ের লাইভ করা প্রসঙ্গে তিশা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“সে এমনভাবে লাইভ করেছে যেন আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি। এখানে ব্যক্তিগত কিছুই নেই, তার বুঝতে ভুল হয়েছে। এটি তার দুর্বলতা যে প্রফেশনাল সমস্যাটাকে সে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।”
তিশা দর্শকদের অনুরোধ করেছেন নাটকটি প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। তাঁর ভাষ্যমতে, ১৫ থেকে ২০ দিন পর যখন কাজটি স্ক্রিনে আসবে, তখন সবাই বুঝতে পারবেন কেন ওই দৃশ্যগুলোতে তাঁকে এমন আচরণ করতে হয়েছিল। তিশার দাবি, তাঁকে নিয়ে যা যা বলা হয়েছে, তা ভিত্তিহীন এবং তাঁকে ব্যক্তিগতভাবে হেনস্তা করার চেষ্টা মাত্র।
তিশা আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না; যা হয়েছে, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী। অথৈর এমন অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, এর আগে সামিয়া অথৈ ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছিলেন যে, মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিংয়ে তিশা তাঁকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন। অথৈইয়ের সেই কান্নাসিক্ত লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, যার প্রেক্ষিতে এবার তিশা নিজের অবস্থান পরিষ্কার করলেন।
মন্তব্য করুন