প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:১১ এ এম
অনলাইন সংস্করণ
মুক্তির অপেক্ষায় দেব-শুভশ্রী জুটির সিনেমা ‘দেশু৭’। এরই মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আচমকা ফেসবুক লাইভে হাজির হন দেব ও শুভশ্রী। সঙ্গে ছিলেন অভিনেতা রজতাভ দত্ত ও পার্থ সারথি। লাইভে ‘দেশু৭’ নিয়ে আড্ডার পাশাপাশি সিনেমাটির নির্মাণ ও অভিনয় নিয়ে নানা কথা বলেন তাঁরা।
লাইভে পরিচালক দেবের প্রশংসা করেন অভিনেতা রজতাভ দত্ত। নিজের প্রসঙ্গে দেব বলেন, তিনি ‘ফার্স্ট লার্নার’। এরপর শুভশ্রী জানতে চান, কবে থেকে তিনি পরিচালনার কাজ শিখলেন।
শুভশ্রীর প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রজতাভ দত্ত দেবের অভিনয়জীবনের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, হিরো হিসেবে দেব যে কষ্ট ও ‘র্যাগিং’-এর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তা তিনি নিজের চোখে দেখেছেন। রজতাভের ভাষ্য, ক্ষমতায় এলে অনেকে অতীতের সেই আচরণ অন্যদের সঙ্গে করেন, কিন্তু দেবের ক্ষেত্রে বিষয়টি উল্টো হয়েছে।
‘দেশু৭’ সিনেমায় নিষিদ্ধ অনির্বাণকে কাস্ট করা প্রসঙ্গেও কথা বলেন দেব। তিনি বলেন, নায়কদের অভিনয়জীবনে একটি নির্দিষ্ট সময় থাকে। সময় পেরিয়ে গেলে সব ধরনের চরিত্রে অভিনয় করা সম্ভব হয় না। অনির্বাণকে নেওয়ার বিষয়ে অনেকে তাকে প্রশ্ন করেছিলেন এবং তার সিদ্ধান্তের সঙ্গে অন্যরাও নিজেদের ঘোষণা যুক্ত করার কথা বলেছিলেন বলেও জানান দেব।
দেব বলেন, অনির্বাণ ‘খুব পাওয়ারফুল’ ছিলেন—এ বিষয়টি অস্বীকার করার জায়গা নেই। তবে তিনি ঝুঁকির বিষয়টি জেনেই সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।
দেবের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের ফল ভিন্ন হলে ‘দেশু৭’-এর সঙ্গে যুক্ত সবাই নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন—এমন আশঙ্কার কথাও তিনি আগে থেকেই দলের সদস্যদের জানিয়েছিলেন। সিনেমায় যুক্ত হওয়ার আগে সবাইকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছিলেন বলেও জানান তিনি। শুভশ্রীকেও বিষয়টি জানিয়েছিলেন বলে উল্লেখ করেন দেব।
পরিস্থিতি প্রতিকূল হলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছিলেন বলে জানান দেব। তিনি বলেন, এসআরএফটিআইয়ের শিক্ষার্থীদেরও এ বিষয়ে প্রস্তুত রাখা হয়েছিল। প্রয়োজনে মুম্বাই বা হায়দরাবাদে গিয়ে শুটিং করার পরিকল্পনাও ছিল।
পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে দেব-শুভশ্রীর ‘দেশু৭’। সিনেমাটির টিজার প্রকাশের পর প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশ পেয়েছে। গানটি নিয়ে দর্শকদের মধ্যে সাড়া পড়েছে বলে সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করুন