বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:১৩ এ এম

অনলাইন সংস্করণ

‘কফি উইথ করণ ৯’-এ প্রথমবার একসঙ্গে বরুণ-জাহ্নবী

জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজন ঘিরে সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে। এরই মধ্যে ‘বাওয়াল’ সিনেমায় একসঙ্গে কাজ করা বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর নতুন সিজনের একটি এপিসোডের শুটিং শেষ করেছেন। তাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন কাপুর।

‘কফি উইথ করণ ৯’-এর প্রিমিয়ারের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আগের সিজনগুলোর মতো এবারও অনুষ্ঠানটি জিওহটস্টারে স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে।

পরিচালক ও প্রযোজক করণ জোহর ইতোমধ্যে নতুন সিজনের শুটিং শুরু করেছেন। ফলে এবারের ‘কফি কাউচে’ কোন কোন তারকাকে দেখা যাবে, তা নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা চলছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বরুণ ও জাহ্নবীর সঙ্গে করণ জোহরের কথোপকথন ছিল বেশ প্রাণবন্ত। শুটিংয়ের সময় দুজনেই একে অপরকে নিয়ে মজা করেছেন এবং ব্যক্তিগত জীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে গল্প করেছেন। তবে এপিসোডটির অন্যতম আকর্ষণ ছিল অর্জুন কাপুরের বিশেষ উপস্থিতি।

বরুণ ধাওয়ানের সঙ্গে অর্জুন কাপুরের বন্ধুত্বের কথা বলিউডে পরিচিত। ২০১৬ সালে তারা দুজন একসঙ্গে ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে উপস্থিত হয়েছিলেন। নতুন সিজনের এপিসোডে অর্জুনের উপস্থিতি তাই আলাদা আগ্রহ তৈরি করেছে। শোতে পাঁচবার উপস্থিত হওয়ার কারণে তাকে বিশেষ ‘কফি অ্যাওয়ার্ড’ দেওয়ার কথাও জানা গেছে।

এর আগেও ‘কফি উইথ করণ’-এর বিভিন্ন পর্বে অর্জুন কাপুরকে দেখা গেছে। রণবীর কাপুর-রণবীর সিং এবং আনুশকা শর্মা-ক্যাটরিনা কাইফের পর্বসহ একাধিক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

এদিকে নতুন সিজনের অতিথি তালিকা নিয়েও নানা গুঞ্জন চলছে। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথম এপিসোডে সালমান খানকে দেখা যেতে পারে। শাহরুখ খান ছেলে আরিয়ান খানের সঙ্গে অনুষ্ঠানে হাজির হতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। এ ছাড়া কাজল, কারিনা কাপুর খান ও জয়া বচ্চনকে একই এপিসোডে দেখা যেতে পারে বলেও আলোচনা চলছে।

তবে এসব তারকার উপস্থিতির বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মন্তব্য করুন