প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ
দেশের মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর পরিবর্তনশীল কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ভবিষ্যৎ-প্রস্তুত মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ৮ম জাতীয় HR কনভেনশন ২০২৬ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফেডারেশন অব হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন (FBHRO)। এবারের কনভেনশনের প্রতিপাদ্য ‘Human Capital & AI: Re-skilling for the Future’।
কনভেনশন উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কনভেনশনের উদ্দেশ্য, কর্মসূচি ও বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এতে ভারতীয় মানবসম্পদ বিশেষজ্ঞ ড. টি. ভি. রাও এবং শ্রীলঙ্কার ড. অজন্তা ধরমশিরিসহ আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান বক্তারা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন FBHRO-এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ও ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, মহাসচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী এবং কনভেনশন চেয়ার ও FBHRO-এর পরিচালক মো. কামরুজ্জামান সবুজ। কনভেনশনের আয়োজন ও নেতৃত্বে রয়েছেন ড. মো. সাইফুল ইসলাম।
আয়োজকরা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অটোমেশন এবং দ্রুত পরিবর্তনশীল কর্মজগতের বাস্তবতায় রি-স্কিলিং ও আপ-স্কিলিং এখন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কনভেনশনে মানবসম্পদ উন্নয়ন, জ্ঞান বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী জনশক্তি গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পাবে।
তারা আরও বলেন, দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
সংবাদ সম্মেলন থেকে কনভেনশনের কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের জন্য প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন