তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৬:৩২ পিএম

অনলাইন সংস্করণ

‘জনআস্থা কতটুকু অর্জন করেছি, বিচার করবে জনগণ’

পুলিশের প্রতি জনআস্থা রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের আস্থা আরও দৃঢ় করাই এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। জনআস্থা কতটুকু অর্জন করা গেছে, তার বিচার জনগণই করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পুলিশের প্রতি জনগণের আস্থা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ। জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।’

এ সময় এক সাংবাদিক উল্লেখ করেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের জন্য জনআস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। বর্তমান সরকারের আট মাস এবং এর আগে অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছর মিলিয়ে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থার সংকট রয়েছে—এমন প্রসঙ্গ তুলে জানতে চাওয়া হয়, আস্থা অর্জনে পুলিশের আর কত সময় লাগবে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি তো সিদ্ধান্তই দিয়ে দিলেন যে জনআস্থা নাই!’

পরে সাংবাদিক আইজিপির বক্তব্যের প্রসঙ্গ তুললে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি যতটুকু বুঝেছি আইজিপির বক্তব্য মতে, জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের জন্য মহান কাজ। জনআস্থা আমরা অর্জন করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পুলিশের প্রতি অর্জিত জনআস্থা ধরে রাখার পাশাপাশি তা আরও বাড়ানোই এখন আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন