বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৭:৫১ পিএম

অনলাইন সংস্করণ

নতুন সিনেমা থেকে দূরে তাসনিয়া ফারিণ, অপেক্ষায় দর্শক

চলতি বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ঢালিউড সিনেমা ‘প্রিন্স’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে জুটি বাঁধেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

‘প্রিন্স’-এর পর এখন পর্যন্ত ফারিণের নতুন কোনো কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নতুন কোনো ছবি বা বার্তা প্রকাশ করলেই ভক্তদের মধ্যে একই প্রশ্ন ঘুরছে—কবে আসছে তার নতুন সিনেমা?

রুপালি পর্দায় ফারিণের যাত্রা শুরু হয় ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেন কলকাতার ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশের ‘ইনসাফ’ সিনেমায়। ‘ইনসাফ’ মুক্তির পরও বেশ কিছু সময় নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে।

শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’-এ যুক্ত হওয়ার আগে কলকাতার অভিনেতা দেবের ‘প্রজাপতি ২’ চলচ্চিত্রে কাজ করার কথা ছিল ফারিণের। সে সময় ওপার বাংলায় নিয়মিত কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই সিনেমায় তাকে দেখা যায়নি।

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর অনেকটাই আড়ালে চলে যান ফারিণ। এরপর প্রায় পাঁচ মাস পর নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে নতুন সিনেমা নিয়ে জল্পনা শুরু হয়।

তবে পরে জানা যায়, সেটি কোনো সিনেমার কাজ নয়, বরং একটি বিজ্ঞাপনচিত্রের অংশ ছিল। সেই বিজ্ঞাপনের পর ফারিণের নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রকল্প নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ফলে বড় পর্দায় আবার কবে ফিরবেন তাসনিয়া ফারিণ, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। নতুন কোনো প্রকল্পের ঘোষণা না আসায় অভিনেত্রীর পরবর্তী কাজ নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

মন্তব্য করুন