প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ০৮:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি নতুন সামুদ্রিক পথের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালায় সোমবার নির্ধারিত আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। রোববার গভীর রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।
আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করার লক্ষ্যে বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন করে এবং এই অঞ্চলের জনগণের সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণ করে—এমন টেকসই বোঝাপড়ার দিকে এগিয়ে যেতে আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যেই বৈঠক স্থগিত করা হয়েছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ঐকমত্যের স্বার্থে সোমবার সালালায় অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ওমান আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতাকে সমর্থন করে এমন সংলাপকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে বৈঠকের নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। একই সঙ্গে বৈঠক স্থগিতের বিস্তারিত কারণও জানাননি আলবুসাইদি।
ওমানের এ সিদ্ধান্তের একদিন আগে ইরানকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বাহরাইন অস্বীকৃতি জানায়।
হরমুজ প্রণালি নিয়ে আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনার অংশ হিসেবে সালালার বৈঠকটি আয়োজনের কথা ছিল।
মন্তব্য করুন