আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৫০ মিনিট আগে, ০৯:০২ এ এম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের নভেম্বরের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর ফলে দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। গত সপ্তাহে দাম বাড়ার যে প্রবণতা শুরু হয়েছিল, সোমবারও তা অব্যাহত ছিল।

এদিকে, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

বাব আল-মান্দাব লোহিত সাগরে জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথে বড় ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কার মধ্যে বাজারে তেলের দাম বেড়েছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে তেল সরবরাহের সম্ভাব্য বিঘ্ন নিয়ে বাজারে উদ্বেগের মধ্যেই ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই বেঞ্চমার্কের দামই ১০০ ডলারের ওপরে উঠেছে।

মন্তব্য করুন