প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ০৯:১৫ এ এম
অনলাইন সংস্করণ
পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। গত মে মাসে একটি হীরার গহনার প্রদর্শনীতে তার পরা পোশাক নিয়ে সমালোচনা হয়। অনুষ্ঠানের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তাকে অস্বস্তিতে দেখা যায়। তবে ঐশ্বরিয়ার দাবি, পোশাকের কারণে নয়, আলোকচিত্রীদের ছবি তোলার ধরনেই তিনি অস্বস্তিবোধ করেছিলেন।
সম্প্রতি রাজিনি হরিদাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ঐশ্বরিয়া। তিনি জানান, অনুষ্ঠানে আলোকচিত্রীরা তার মুখের দিকে মনোযোগ না দিয়ে বিভিন্ন আপত্তিকর কোণ থেকে ছবি তুলছিলেন।
ঐশ্বরিয়ার ভাষ্য, “তারা আমার মুখের দিকে মনোযোগ দিচ্ছিল না। আমি অস্বস্তিবোধ করেছিলাম। অস্বস্তিবোধ করলে শরীরী ভাষাতেও তার প্রভাব পড়ে। আমার মনে হয়েছিল, আমার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করা হয়েছে।”
পোশাক নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “সংস্কৃতি কি শুধু নারীর ক্লিভেজের মধ্যে সীমাবদ্ধ? আমরা যেভাবে আচরণ করি, সেখানেও তো সংস্কৃতি আছে।”
ঐশ্বরিয়া বলেন, নারীদের অস্বস্তিতে ফেলার মতো আচরণ বা এ ধরনের ঘটনার বিষয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হলেও একজন নারী কী পরছেন বা তার গলার অংশ কতটা ঢাকা—এসব নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু হয়।
প্রথম দিকে সামাজিক মাধ্যমে হওয়া ট্রলকে গুরুত্ব দেননি অভিনেত্রী। তার ভাষ্য, প্রথম ২৪ ঘণ্টা বিষয়টি নিয়ে তিনি হেসেছেন। তবে পরে আলোচনা বাড়তে থাকলে বিষয়টি তাকে ভাবিয়ে তোলে।
ঐশ্বরিয়া বলেন, “প্রথম ২৪ ঘণ্টা আমি বিষয়টি নিয়ে ভীষণ হেসেছিলাম। কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে যে পরিমাণ আলোচনা তৈরি হয়েছিল, তাতে আমি হতবাক হয়ে যাই।”
তিনি আরও বলেন, “আমরা কেন আমাদের জিডিপি নিয়ে আলোচনা করতে পারি না? কত বৃদ্ধ মা-বাবাকে পরিত্যক্ত হতে হচ্ছে, তা নিয়ে কেন কথা বলতে পারি না? আমার ক্লিভেজ নিয়ে এত তীব্র আলোচনা কেন হতে হবে?”
ঐশ্বরিয়া লক্ষ্মী পেশায় চিকিৎসক। ২০১৭ সালে দক্ষিণী সিনেমা ‘নজান্ডুকালুডে নাট্টিল ওরিদাভেলা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। পরে ‘মায়ানাধি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। এরপর ‘ভারাথান’, ‘আম্মু’, ‘কুমারী’ ও **‘গাটা কুস্তি’**সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি। মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান’ সিরিজের সিনেমার মাধ্যমেও তামিল দর্শকের কাছে পরিচিতি পান।
এর আগে একই ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। একটি গহনা প্রতিষ্ঠানের রক্ষাবন্ধনের বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে সমালোচনা হলে পরে বিজ্ঞাপনটি সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। সে সময় কৃতিও বলেছিলেন, একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মান শুধু তার পোশাক দিয়ে মাপা উচিত নয়।
ঐশ্বরিয়া লক্ষ্মীর সর্বশেষ সিনেমা ‘আশা’। উর্বশী ও জোজু জর্জ অভিনীত সিনেমাটি ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।
মন্তব্য করুন