আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:৩৪ এ এম

অনলাইন সংস্করণ

হরমুজে নিয়ন্ত্রণ নিতে এলে পরাজয় নিশ্চিত: ইরানের বিচার বিভাগের প্রধান

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে কোনো শক্তি সামরিকভাবে এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেই। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকিও প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মোহসেনি-এজেই বলেন, হরমুজ প্রণালি ইরানের ‘মালিকানাধীন ও নিয়ন্ত্রিত’ জলপথ। আন্তর্জাতিক আইন ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই এই প্রণালির ওপর তেহরানের অধিকার রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ইরানের অবস্থান চ্যালেঞ্জ করে কোনো ‘আগ্রাসী’ দেশ বা সামরিক বাহিনী এগিয়ে এলে তাদের পরাজয় অনিবার্য হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, সামরিকভাবে যা অর্জন করা সম্ভব হয়নি, তা কেবল বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে অর্জন করা যাবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইঙ্গিত দেন। তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া জানানো হলো।

মন্তব্য করুন