তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৫৬ এ এম

অনলাইন সংস্করণ

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৮ প্রাণ, মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বোচ্চ মৃত্যু

প্রতীকী ছবি

দেশে গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে ৪৪১টি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৯ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণ কেড়েছে—১০৯ জন নিহত হয়েছেন এই খাতে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় ১০১ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ২১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।

অন্যদিকে সিলেট বিভাগে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

জুলাই মাসে সংঘটিত এসব দুর্ঘটনায় মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ট্রাক বা কাভার্ডভ্যান (১৪২টি), মোটরসাইকেল (১২৪টি) এবং বাস বা মিনিবাস (১০৬টি) উল্লেখযোগ্য।

যানবাহনভিত্তিক মৃত্যুর হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১০৯ জন নিহত হয়েছেন। এছাড়া ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫৬ জন, বাস বা মিনিবাসে ৪৫ জন, সিএনজি অটোরিকশায় ৪০ জন এবং অন্যান্য যানবাহনে ৯১ জন প্রাণ হারিয়েছেন।

সার্বিকভাবে, সড়কে প্রাণহানির এ চিত্র উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

মন্তব্য করুন