প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২৬ এ এম
অনলাইন সংস্করণ
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, দুই মোটরসাইকেল আরোহী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে দুটি ককটেল নিক্ষেপ করে চলে যায়। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
পরে রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলটি নিষ্ক্রিয় করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশ পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান।
পুলিশের ধারণা, তাঁরা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানান ইবনে মিজান।
ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণসহ বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন