আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:৩৬ এ এম

অনলাইন সংস্করণ

ভারত ছত্তিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণ: নিহত ১১

ভারতের ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলায় একটি বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিংহিতারাই গ্রামে ‘বেদান্ত লিমিটেড’-এর বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বিস্ফোরণে আরও ২২ জন কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের একটি বয়লার টিউবে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই চারজন শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। পুলিশের আশঙ্কা, বয়লার রুমের ভেতরে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন, যার ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনার পর বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে, সংশ্লিষ্ট ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর সংস্থা ‘এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড’। ফলে বয়লার রুমটি সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে স্থানীয় প্রশাসন ও পুলিশ দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ওই এলাকার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন