প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১০ এ এম
অনলাইন সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার (১৫ এপ্রিল) সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানি উপলক্ষে এই মামলায় কারাগারে থাকা আসামিদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। মামলার ২৮ আসামির মধ্যে গ্রেফতার হওয়া চারজন হলেন— নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আরও অনেকে।
প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলায় তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নৃশংসতা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ উসকানি ও প্ররোচনায় চালানো গুলিতে মাহমুদুর রহমান সৈকত এবং ফারহান ফাইয়াজসহ ৯ জন নিরীহ মানুষ নিহত হন। এই ঘটনায় আরও বহু মানুষ গুরুতর আহত হন।
এর আগে গত ৮ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি অনুযায়ী প্রসিকিউশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করায় আদালত শুনানির জন্য আজকের দিন (১৫ এপ্রিল) নির্ধারণ করেন। আজকের শুনানিতে প্রথমেই প্রসিকিউশন পক্ষ তাঁদের অভিযোগগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করবে।
চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এই ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আজ অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে এই স্পর্শকাতর মামলার বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন