তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৪:০২ পিএম

অনলাইন সংস্করণ

দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, ভর্তি ১৬৩১

ছবি: সংগৃহীত

সারাদেশে হাম ও এর উপসর্গের দাপট অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশু প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য বলছে, এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও এক হাজার ৬৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত সাত শিশুর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে এবং তিনজন মারা গেছেন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৫ জনে, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা পৌঁছেছে ৫৯ হাজার ২৭৯ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৩৩৬ শিশু। অন্যদিকে পরীক্ষার ভিত্তিতে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা এখন আট হাজার ২৭৫ জন।

উল্লেখ্য, চলতি বছরে গত ২৬ এপ্রিল একদিনে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়, যখন ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের এই ঊর্ধ্বমুখী ধারা উদ্বেগজনক এবং দ্রুত টিকাদান ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা জরুরি।

মন্তব্য করুন