তাহিরপুর( সুনামগঞ্জ)প্রতিনিধি

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:২১ পিএম

অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পথ খুঁজতে জয়পুরে ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম

টাঙ্গুয়ার হাওরকে ঘিরে ভবিষ্যৎ করণীয় জানতে এবার হাওরপাড়ের মানুষের কাছেই গেলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। 

 

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর),টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে হাওরপাড়ের জয়পুর গ্রামের শফিকুল মিয়ার বাড়িতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। 

 

হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ধরে রাখতে স্থানীয়দের অভিজ্ঞতা,সমস্যা ও পরামর্শ জানতে চান ভারপ্রাপ্ত সচিব।হাওরের জল,মাছ, পাখি ও জলজ প্রাণীর আবাসস্থলসহ সামগ্রিক জীববৈচিত্র্য রক্ষায় বর্তমানে কী ধরনের সমস্যা রয়েছে এবং সেগুলো মোকাবিলায় কী উদ্যোগ প্রয়োজন—মতবিনিময়কালে স্থানীয়দের কাছে তা জানতে চান তিনি।

 

এ সময় জয়পুর গ্রামের বাসিন্দারা হাওরের জীববৈচিত্র্য রক্ষা,পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি হাওর ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান তারা।স্থানীয়রা বলেন,টাঙ্গুয়ার হাওর তাদের কাছে শুধু একটি পর্যটনকেন্দ্র বা জলাভূমি নয়; এটি তাদের জীবন-জীবিকা ও অস্তিত্বের সঙ্গে জড়িত। হাওরের পরিবর্তন ও জীববৈচিত্র্যের সংকট সবচেয়ে কাছ থেকে তারাই দেখেন। তাই হাওর রক্ষার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে স্থানীয় জনগণের অভিজ্ঞতাকে কাজে লাগানো জরুরি।

 

 

স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে হাওর সংরক্ষণে মাঠপর্যায়ের বাস্তবতা ও মানুষের প্রত্যাশা জানার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা,তাদের মতামতকে গুরুত্ব দিয়ে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কার্যকর এবং দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হবে।

 

 

এ সময় পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন