তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১২:৫২ পিএম

অনলাইন সংস্করণ

দাবানলের কবলে ওয়াশিংটন: জরুরি অবস্থা জারি, সরানো হচ্ছে ৬০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়াশিংটনের স্পোকেন শহর ঘিরে দ্রুত বিস্তার লাভ করছে ভয়ংকর দাবানল। আগুনের তীব্রতা এতটাই বেড়েছে যে কর্তৃপক্ষ প্রায় ৬০ হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, শহরের চারপাশে জ্বলতে থাকা এই আগুনে এখন পর্যন্ত অন্তত ৬০০টি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। স্পোকেন দমকল বিভাগের প্রধান টম উইলিয়ামস রয়টার্সকে জানিয়েছেন, শহরের তিনটি ভিন্ন স্থানে পৃথকভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, যেগুলো এখন সরিয়ে নেওয়া এলাকাগুলোর জন্য মূল ঝুঁকি হয়ে উঠেছে।

ফেডারেল দুর্যোগ ব্যবস্থাপনা দলের হিসাব অনুযায়ী, রোববার পর্যন্ত আগুনে পুড়ে গেছে প্রায় ৫ হাজার ৩৯০ একর জমি, যা হেক্টরের হিসাবে প্রায় ২ হাজার ১৮০। আগুন নেভানোর কাজ এখনো চলমান থাকলেও তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। স্বস্তির খবর, এখন পর্যন্ত কোনো মৃত্যু বা গুরুতর আহতের ঘটনা রিপোর্ট করা হয়নি।

শহরের মেয়র লিসা ব্রাউন পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেছেন, এটি 'অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ'।

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও চাপে পড়েছে দাবানলের কারণে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা ইউটিলিটিজের প্রধান নির্বাহী হিদার রোজেনট্রাডার জানান, রোববার বিকেল পর্যন্ত প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।

শুধু স্পোকেন নয়, পুরো ওয়াশিংটন অঙ্গরাজ্য জুড়েই দাবানলের বিস্তার ঘটছে ব্যাপকভাবে। রাজ্য প্রশাসনের তথ্যমতে, বর্তমানে আড়াই লাখ একরের বেশি এলাকা, প্রায় ১ লাখ ১ হাজার ১৭১ হেক্টর আগুনের কবলে রয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)-র কাছে জরুরি সহায়তা চেয়েছেন। এর আগেই তিনি সমগ্র রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন যাতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম দ্রুততার সঙ্গে চালানো যায়।

মন্তব্য করুন