প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশের পরিবেশ রক্ষায় নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত তিন-চার দশকের তুলনায় বর্তমানে দেশের শহর, উপজেলা ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট এবং বাজারে প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট ও ব্যবহৃত টিস্যুর মতো আবর্জনা ছড়িয়ে থাকার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।
পথচারী ও গণপরিবহনে চলাচলকারী সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, রাস্তায় জমে থাকা আবর্জনা ও দুর্গন্ধের কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত কষ্ট পোহাতে হয়। তবে তার মতে, নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা রেখে সঠিক পদ্ধতিতে তা অপসারণ করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
নিজের বাসস্থানের উদাহরণ টেনে তিনি জনগণকে ভাবতে বলেন, ঘরের চারপাশ আবর্জনায় ভরা থাকলে তা কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। তিনি মন্তব্য করেন, "সবুজ, শস্য শ্যামলা আমার ভুবন", এই পঙক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন তোলেন, তাহলে কেন দেশকে সুন্দর রাখা যাবে না।
দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা ভাগ করে প্রধানমন্ত্রী জানান, বহু পুকুর ও পুকুরপাড় এখন আবর্জনায় ভরে গেছে, অথচ একসময় এসব জায়গা ছিল পরিবারগুলোর অবসর কাটানোর জনপ্রিয় স্থান। তিনি আক্ষেপ করে বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করার পরও মানুষ চলে যাওয়ার পর জায়গাগুলো আবার আগের মতো নোংরা হয়ে পড়ে।
বার্তার শেষ ভাগে প্রধানমন্ত্রী প্রতিটি নাগরিককে ব্যক্তিগত পর্যায়ে সচেতন হওয়ার এবং ব্যবহৃত বর্জ্য যথাস্থানে ফেলার অনুরোধ জানান, যাতে ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনামুক্ত করা সম্ভব হয়। তিনি বলেন, দেশ গঠনের এই প্রচেষ্টায় সবার অংশগ্রহণ প্রয়োজন, এবং এই কাজে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য করুন