প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে গত ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার নিবন্ধনের সুযোগ রেখেছিল কমিশন। তবে নির্বাচন সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনার অভাবে এই সময়সীমা পরিবর্তিত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব ব্যাখ্যা দেন নির্বাচনী প্রস্তুতির সময়সূচি নিয়ে। তিনি বলেন, তফসিল ঘোষণা থেকে ভোটগ্রহণের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান রাখা হয়, আর ভোটার তালিকা চূড়ান্ত করে তা মুদ্রণ করতে লাগে আরও দেড় মাসের মতো সময়। সব মিলিয়ে একটি নির্বাচনের প্রস্তুতিতে প্রায় তিন মাস সময় প্রয়োজন হয় বলে জানান তিনি। তবে বিষয়টিতে চূড়ান্ত কোনো তথ্য না থাকায় এ নিয়ে আগেভাগে মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়েও এখনো কোনো তফসিল চূড়ান্ত হয়নি বলে জানান ইসি সচিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ভোটার তালিকা পাঠানোর জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ করেছি। সেটি এখন পর্যন্ত পাইনি। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল নিয়ে আলোচনা হবে।’
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিস্তৃত কাঠামোয় আলোচনাও হয়েছে। তবে কোন কোন বিষয় খতিয়ে দেখা হবে তা নির্ধারণ করে একটি সুনির্দিষ্ট কার্যপ্রণালী (এসওপি) এখনও প্রণয়ন করা হয়নি, যাতে ভবিষ্যতে কোনোরকম অসংগতি না থাকে।
মন্তব্য করুন