প্রকাশিত: ৩০ আগষ্ট, ২০২৬, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ
ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলা ছেড়ে ব্লুজখ্যাত চেলসিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ৩৩ বছর বয়সী এই তারকা গোলরক্ষককে তিন বছরের চুক্তিতে দলে ভিড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুইবারের ইয়াসিন ট্রফিজয়ী এই তারকা। তিনি জানান, চেলসিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত তাঁর ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত সহজ ছিল এবং মাঠে নামার জন্য তিনি মুখিয়ে আছেন।
নতুন ক্লাবে শিরোপা জেতার লক্ষ্য স্পষ্ট করে মার্তিনেজ বলেন, "আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন, যে প্রতিটি ম্যাচেই জিততে চায়। চেলসি এমন এক ঐতিহ্যবাহী ক্লাব যারা সবসময় শিরোপার জন্য লড়ে। আমার মানসিকতার সাথে এই ক্লাবের দর্শনের দারুণ মিল রয়েছে।" সমর্থকদের আশ্বস্ত করে তিনি আরও যোগ করেন, মাঠে সবসময় নিজের শতভাগ উজাড় করে দিয়ে দলকে সাফল্য এনে দেওয়াই তাঁর মূল উদ্দেশ্য।
১৭ বছর বয়সে আর্সেনালে ফুটবল জীবনের সূচনা করলেও দীর্ঘ এক যুগ ধারেই কাটান তিনি। পরবর্তীতে ২০১৯-২০ মৌসুমে আর্সেনালের নিয়মিত গোলরক্ষক হিসেবে এফএ কাপ জয়ের পর ২০২০ সালের সেপ্টেম্বরে অ্যাস্টন ভিলায় পাড়ি জমান। ভিলার হয়ে দীর্ঘ ছয় মৌসুমে ২৫৬টি ম্যাচ খেলেছেন মার্তিনেজ এবং চলতি বছরের মে মাসে দলটির হয়ে ইউরোপা লিগ জয়ের গৌরব অর্জন করেন।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২১ সালে অভিষেকের পর থেকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে ৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। অ্যালবিসেলেস্তেদের ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জয় এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার পেছনে তাঁর ভূমিকা ছিল অসামান্য। টানা দুই বছর (২০২৩ ও ২০২৪) বিশ্বের সেরা গোলরক্ষকের স্বীকৃতি স্বরূপ ‘ইয়াসিন ট্রফি’ জয় করা মার্তিনেজের আগমন চেলসির রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন