বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বার, ২০২৬, ১০:৩১ এ এম

অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় দরপতন!

মধ্যপ্রাচ্যে নতুন করে ভৌগোলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানো হতে পারে—এমন আশঙ্কায় বিশ্ববাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দামে বড় ধরনের দরপতন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৭.১০ ডলারে নেমে এসেছে, যা বিগত ১৯ আগস্টের পর সর্বনিম্ন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.১ শতাংশ সামান্য বেড়ে ৪ হাজার ৪৮৫.৩০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান কেভিন ওয়ার্শের সাম্প্রতিক কঠোর অবস্থানের পর থেকেই স্বর্ণের বাজারে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। জ্যাকসন হোলের সম্মেলনে মূল্যস্ফীতি ২ শতাংশে না নামা পর্যন্ত ফেডের পক্ষ থেকে কঠোর নীতি গ্রহণের ইঙ্গিতের পরপরই স্বর্ণের বাজারে পতন দেখা দেয়। আন্তর্জাতিক আর্থিক তথ্য প্রদানকারী মাধ্যম সিএমই ফেডওয়াচ টুলের তথ্যমতে, ব্যবসায়ীরা চলতি সেপ্টেম্বর মাসে সুদের হার বাড়ার সম্ভাবনা ৬৬ শতাংশ এবং ডিসেম্বরে ৮৯ শতাংশ ধরে হিসাব করছেন। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ হ্রাস পায়।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সংঘাতের আশঙ্কাও বাজারকে অস্থির করে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি দেওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। টানা দ্বিতীয় দিনের মতো তেলের দাম বেড়ে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৯১ ডলার অতিক্রম করেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়ার যে আশঙ্কা দেখা দিয়েছে, তা নিয়ন্ত্রণে ফেড কঠোর অবস্থানে গেলে স্বর্ণের দর আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন হলেও অন্যান্য মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাজারে স্পট রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬.৩৪ ডলার এবং প্লাটিনামের দাম ০.১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯৩.০৩ ডলারে উঠেছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে ১ হাজার ৩৫৬.৭৫ ডলারে লেনদেন হচ্ছে।

মন্তব্য করুন