বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৭:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

রাখিবন্ধনের বিজ্ঞাপনের পোশাক বিতর্কে মুখ খুললেন কৃতি শ্যানন

রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে তৈরি হওয়া পুরোনো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। ওই বিজ্ঞাপনে তার পরনের পোশাক নিয়ে সমালোচনা হয়েছিল, এমনকি শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়েও নেওয়া হয়।

সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে কথোপকথনে সেই বিতর্কের প্রসঙ্গ ওঠে। কৃতি জানান, তার পোশাকের একটি অংশ কীভাবে এত বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা এখনো তার কাছে অবিশ্বাস্য মনে হয়।

কৃতি শ্যানন বলেন, ‘আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল।’ কারিনাও তার কথায় সম্মতি জানান।

বিতর্কের সূত্রপাত হয়েছিল একটি গহনা সংস্থার রাখিবন্ধনের বিজ্ঞাপনকে ঘিরে। বিজ্ঞাপনে কৃতিকে তার ভাইকে রাখি পরাতে দেখা যায়। একই সঙ্গে নিজের পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন অভিনেত্রী।

বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর একাংশের নেটিজেন কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি ছিল, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক যথাযথ ছিল না। পোষ্যকে রাখি পরানো নিয়েও কেউ কেউ আপত্তি জানান।

তবে পোশাক নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছিলেন কৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, এখনো কেন নারীদের কী পোশাক পরা উচিত, তা নিয়ে এত আলোচনা হয়।

কৃতি আরও বলেছিলেন, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন বদলেছে। তবে কোনো নারীর পোশাক দেখে তার সংস্কৃতি বিচার করা উচিত নয়। তার মতে, সংস্কৃতি ও ঐতিহ্য পোশাকে নয়, মনের মধ্যে থাকে।

এরপরও নারীদের পোশাক, সমাজের দৃষ্টিভঙ্গি ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে একাধিক পোস্ট শেয়ার করেছিলেন কৃতি। যদিও সেসব পোস্টে সরাসরি রাখিবন্ধনের ওই বিজ্ঞাপনের কথা উল্লেখ করেননি তিনি।

পুরোনো সেই বিতর্কের প্রসঙ্গ আবার সামনে আসায় কৃতি জানালেন, তার পোশাক নিয়ে সে সময় যে মাত্রায় আলোচনা হয়েছিল, তা এখনো তাকে বিস্মিত করে।

মন্তব্য করুন