বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৫:২৫ পিএম

অনলাইন সংস্করণ

২৭ বছরের বড় স্বামী কাঞ্চনকে নিয়ে যে কারণে বিরক্ত শ্রীময়ী

টালিউডের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ে আলোচনা ও ট্রল হয়েছে। এবার একটি টেলিভিশন শোর প্রোমোয় স্বামীকে নিয়ে মশকরা করায় আরজে সায়নকে কড়া ভাষায় সতর্ক করতে দেখা গেল শ্রীময়ীকে।

২০২৪ সালে তৃতীয়বারের মতো বিয়ে করেন কাঞ্চন মল্লিক। ওই বছরের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে এবং মার্চে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। একই বছরের নভেম্বরে তাদের প্রথম সন্তান জন্ম নেয়। সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা-মাও হয়েছেন তারা। এবার তাদের ছেলে হয়েছে, যার নাম রাখা হয়েছে কৃষভি।

কাঞ্চন ও শ্রীময়ীর বয়সের পার্থক্য নিয়েও একাধিকবার ট্রলের মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। কখনো তারা নীরব থেকেছেন, আবার কখনো কড়া ভাষায় জবাবও দিয়েছেন। এর আগে এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, কাঞ্চনের ইন্ডাস্ট্রির বন্ধুরা তার সামনেই অভিনেতার একাধিক বিয়ে নিয়ে মশকরা করায় তিনি মাঝেমধ্যে অবাক হন। সেই মশকরার ভাষা ও রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

তবে এবার ‘রাঁধুনি না কাঁদুনি’ অনুষ্ঠানে শ্রীময়ীর রাগের বিষয়টি যে অনুষ্ঠানেরই মজার অংশ, প্রোমো দেখে তেমনটাই মনে হয়েছে। সনি আটের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রোমোয় কাঞ্চনের সঙ্গে বউ নিয়ে মশকরা করায় আরজে সায়নকে সতর্ক করতে দেখা যায় শ্রীময়ীকে।

বর্তমানে সনি আটের ‘রাঁধুনি না কাঁদুনি’ অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে। নন-ফিকশন এই অনুষ্ঠানে তাদের সঙ্গে রয়েছেন শ্যামৌপ্তি, দর্শনা, রাহুল, আরজে সায়ন, ইমনসহ টালিউডের আরও কয়েকজন পরিচিত মুখ।

প্রোমোয় সায়নকে সৌরভের উদ্দেশে বলতে শোনা যায়, ‘কাঞ্চনদাকে দেখে শেখ…’। সঙ্গে সঙ্গেই তাকে থামিয়ে দিয়ে শ্রীময়ী বলেন, ‘এই কী বলতে চাইছিস’।

এরপর শ্রীময়ীর পরনে থাকা সাদা পোশাকের বুকের কাছে আঁকা রঙিন পাখির দিকে ইঙ্গিত করে সায়ন বলেন, ‘তোমার তোতা পাখিটাকে এত ভালো লেগেছে না’।

জবাবে শ্রীময়ী মশকরার ছলে বলেন, ‘আমার তোতা পাখির দিকে তোমার নজর কেন? পাশে একটা ফরসা পাখি (শ্যামৌপ্তি) দাঁড়িয়ে আছে। তবে বউদি যা তোতা পাখিটা হয়েছে না, আমি লংকা খাওয়াব পরে’।

এরপর মজায় যোগ দেন কাঞ্চনও। নিজেকে দেখিয়ে তিনি বলেন, ‘তুই শুধু তোতা পাখিটা দেখলি, আতাগাছটা দেখলি না’।

তবে হাসিঠাট্টার একপর্যায়ে হঠাৎই গম্ভীর হয়ে যান শ্রীময়ী। সায়নকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আরেকটা কথা আমি তোমাকে বলি— কাঞ্চনের বউ নিয়ে কোনো রকম পার্সোনাল অ্যাটাক আমি সহ্য করব না। আর তোমরা তো বন্ধু। আমি খুব সিরিয়াসলি বলছি। কোনো রকম ছ্যাবলামো মারছি না’!

শ্রীময়ীর এমন বক্তব্যের পরই প্রোমোর পরিবেশ বদলে যায়। মুহূর্তের মধ্যেই হাসিঠাট্টার আবহ নেমে আসে গম্ভীরতায়।

মন্তব্য করুন