তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:০৭ পিএম

অনলাইন সংস্করণ

১০ অক্টোবর পর্যন্ত কয়েকটি ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক এ বিষয়ে গ্রাহকদের বিজ্ঞপ্তি দিয়েছে।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময়ে এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা ব্যবহার করা যাবে না। ফলে গ্রাহকেরা এটিএম থেকে টাকা তোলা, কার্ডের মাধ্যমে কেনাকাটা এবং কিউআর কোড ব্যবহার করে লেনদেন করতে পারবেন না।

এ ছাড়া এনপিএসবি ও ই-কমার্সের মাধ্যমেও লেনদেন বন্ধ থাকবে। সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হওয়ার পর এসব সেবা আবার চালু হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো।

সেবা সাময়িক বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

মন্তব্য করুন