প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা–মেম্বারবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯টি ভাড়াটিয়া পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে বানিয়ারচালা এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা শুকনা খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ সময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডে জাহাঙ্গীর হোসেনের বসতবাড়ির প্রায় ৪০টি ঘর পুড়ে যায়। এতে ৩৯টি ভাড়াটিয়া পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সর্বস্ব হারিয়ে এসব পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয়রা জানান।
ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। তারা ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি বানিয়ারচালা–মেম্বারবাড়ি এলাকায় জাহাঙ্গীর হোসেনের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০টি ঘর পুড়ে যায় এবং ৩৯টি ভাড়াটিয়া পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
মন্তব্য করুন