তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৬:০৬ পিএম

অনলাইন সংস্করণ

শিক্ষকদের অবসরভাতা পেতে অফিসে ঘোরাঘুরি নয়, ব্যাংকে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ

দেশের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণসুবিধার অর্থ পেতে দীর্ঘদিনের ভোগান্তি বন্ধে যথাসময়ে ব্যাংকের মাধ্যমে প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একজন শিক্ষক কর্মরত থাকুন কিংবা অবসর জীবনে—তাঁর মহান পেশার কারণেই আমৃত্যু তিনি রাষ্ট্রের কাছে সম্মানীয়।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন ও অবসরভাতা পাওয়ার জন্য যেন অফিসে গিয়ে হয়রানির শিকার হতে না হয়, সে জন্য যথানিয়মে ও যথাসময়ে তাঁদের প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে।

দেশের হাজার হাজার শিক্ষক-কর্মচারী অবসরের পর মাসের পর মাস, এমনকি বছরের পর বছর নিজেদের প্রাপ্য অর্থের অপেক্ষায় থাকেন। অনেকে জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেও অবসর ও কল্যাণসুবিধার টাকা হাতে পান না—এ নিয়ে শিক্ষকসমাজে দীর্ঘদিন ধরে হতাশা ও ক্ষোভ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষকরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বক্তব্যের শেষে বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশসহ সারা বিশ্বের শিক্ষকসমাজের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।

মন্তব্য করুন