প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ
পূজা মানেই আনন্দ, উৎসব আর পুরোনো স্মৃতির ফিরে আসা। আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে দুর্গাপূজা। এবারের পূজায় বাড়তি আনন্দ যোগ হচ্ছে টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জির। পূজায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। তাই উৎসবের আগে সিনেমার প্রচার নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
সপ্তমী পর্যন্ত সিনেমাটির প্রচারে ব্যস্ত থাকবেন কৌশানি। এরপর পরিবারের সঙ্গে পূজার আনন্দে মেতে উঠবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রী হওয়ার আগে তাঁর পূজার দিনগুলো কেমন ছিল, এক সাক্ষাৎকারে সে স্মৃতিও ভাগ করে নিয়েছেন কৌশানি। তিনি জানান, তখন দড়ির ওপারে দাঁড়িয়ে লাইনে থেকে ঠাকুর দেখতেন। আর পূজার বিশেষ স্মৃতির কথা বলতে গিয়ে তাঁর মনে পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে হওয়া সৌন্দর্য প্রতিযোগিতার কথা।
কৌশানির ভাষ্যে, এসব প্রতিযোগিতায় অনেক ছেলে এসে কথা বলত। একসময় তাঁকে পছন্দ করে নেওয়া হয় এবং তিনি সেই প্রতিযোগিতায় জিতে যান।
অভিনেত্রী বলেন, ‘পূজার সেরা সুন্দরী’ তকমাটি তখন তাঁর কাছে অনেক বড় ব্যাপার ছিল। ঘুরতে বেরিয়ে পুরস্কার নিয়ে বাড়ি ফেরার আনন্দের কথাও জানান তিনি। তাঁর ভাইবোনেরা বিষয়টি উদ্যাপন করতেন এবং গর্ব করে বলতেন, তাঁদের বোন এত সুন্দরী।
পূজার প্যান্ডেলে সেই সময় প্রেমও হতো কি না—এমন প্রশ্নের জবাবে কৌশানি বলেন, পূজার কয়েক দিনের প্রেমের বিষয়টি তাঁর কাছে বেশ মজার ছিল। তবে সেই প্রেম সাধারণত পূজার কয়েক দিন পর্যন্তই টিকত, পরে ভেঙে যেত।
এবারের পূজায় প্রেমিক ও অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে কী পরিকল্পনা রয়েছে, এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন কৌশানি।
তিনি বলেন, ‘আমার পূজার সব প্ল্যানেই থাকে বনি।’ একসঙ্গে ঠাকুর দেখা, রোম্যান্স করা এবং হইহই করে পার্টি করা—সবই বনির সঙ্গে করবেন বলে জানান অভিনেত্রী।
পূজার সময়ে তাঁর দৈনন্দিন রুটিনও পুরোপুরি বদলে যায় বলে জানান কৌশানি। তাঁর ভাষ্য, পূজার কয়েক দিন দুপুরে বের হয়ে অনেক সময় ভোরে বাড়ি ফিরতে হয়। এরপর সকালের সময়টা ঘুমিয়েই কাটে।
এবার সেই পূজার আনন্দের সঙ্গে যুক্ত হচ্ছে কৌশানির নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’-এর মুক্তি। ফলে উৎসবের কয়েকটি দিন অভিনেত্রীর জন্য হতে যাচ্ছে সিনেমার প্রচার, পরিবার, প্রেম ও আনন্দে ভরা ব্যস্ত সময়।
মন্তব্য করুন