প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা নিয়ে কখনো ভয় পাননি বলে জানিয়েছেন হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। এমনকি এ বিষয়ে প্রকাশ্যে কথা না বলতে তাঁর দলের কেউ কখনো তাঁকে পরামর্শ দেননি বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভ্যানিটি ফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ‘অ্যাভেঞ্জার্স’ তারকা। ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারী কমে থাকতে পারে—এমন সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি। তবে এ নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানান পিউ।
ফ্লোরেন্স পিউ বলেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলা নিয়ে তিনি কখনো ভয় পাননি। বরং হলিউডের অনেকেই দীর্ঘ সময় এ বিষয়ে নীরব থাকায় তিনি বিস্মিত হয়েছেন।
তিনি বলেন, ‘মানুষ কথা বলা শুরু করতে এবং সহানুভূতি দেখাতে এত সময় নিল কেন? আমি জানি না, তবে এ বিষয়ে কথা বলতে আমি কখনো ভয় পাইনি।’
ফিলিস্তিন ইস্যুতে কথা বলার কারণে গত কয়েক বছরে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েক লাখ অনুসারী কমে থাকতে পারে বলেও জানান পিউ। তবে বিষয়টি নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।
পিউ আরও বলেন, ‘এখনো সবকিছু ঘটছে। শিশুরা মারা যাচ্ছে, মায়েরা কষ্ট পাচ্ছেন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে একদিকে নিজের স্বাভাবিক জীবনের ছবি প্রকাশ করা এবং অন্যদিকে মানুষের দুর্ভোগ দেখার বিষয়টি তাঁকে ভাবায় বলেও জানান তিনি।
ফ্লোরেন্স পিউ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার বিভিন্ন লিংক নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আসছেন। গত বছর ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ নামে একটি তহবিল সংগ্রহের আয়োজনে হঠাৎ উপস্থিত হয়ে বক্তব্যও দেন তিনি।
ওই আয়োজনটি তাঁর ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার শুটিংয়ের সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক ছিল। তবু অনুষ্ঠানে যোগ দিতে যারা তাঁকে সহযোগিতা করেছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই আয়োজন থেকে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছিল।
মন্তব্য করুন