প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ
চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির।
ঘটনার পর রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওতে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। তবে হামলার ঘটনায় কারা জড়িত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাঁর পোস্টে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। রোববার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেন।
সাদিয়া আয়মান তাঁর পোস্টে বলেন, সালমানের মতো একজন মানুষ এমন আচরণের প্রাপ্য নন। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ তুলে ঘটনার নিন্দা জানান তিনি।
সাদিয়ার ওই পোস্টে প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং এক হাজারের বেশি মন্তব্য এসেছে। মন্তব্যের ঘরে কেউ কেউ ঘটনার নিন্দা জানিয়েছেন। আবার কেউ কেউ সাদিয়া আয়মানের পোস্ট ও সালমান মুক্তাদিরকে নিয়েও সমালোচনা করেছেন। এসব মন্তব্যের কয়েকটির জবাবও দিয়েছেন সাদিয়া।
ঘটনার বিষয়ে নিজের আরেকটি মন্তব্যে সাদিয়া আয়মান বলেন, যাঁরা চাঁদাবাজদের পক্ষ নিয়ে মন্তব্য করছেন, তাঁদের মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে নথিভুক্ত হয়ে থাকবে।
এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, হামলাকারীদের পরিচয় কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না—এ বিষয়ে দেওয়া তথ্যের মধ্যে বিস্তারিত কিছু উল্লেখ নেই।
মন্তব্য করুন