তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫০ মিনিট আগে, ০৭:২০ পিএম

অনলাইন সংস্করণ

রাড্ডা ক্লিনিকে হামলা-লুটে পুলিশের দায়িত্ব অবহেলা, ওসির বিরুদ্ধে বিভাগীয় মামলা

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত ও অভিযানের অংশ হিসেবে পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া মালামালভর্তি দুই ট্রাক উদ্ধার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত সব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ও প্রশাসনিক বদলি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা থাকলে শুধু বদলিই শেষ পদক্ষেপ নয়। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না—অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের কথা জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনীতে অপরাধ বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কঠোর অবস্থান বজায় রাখছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন