বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:১২ পিএম

অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে মারধর ও ৫ লাখ ৫০ হাজার রুপি আদায়ের অভিযোগ, গ্রেফতার বর্ষিণী

ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে এক ব্যবসায়ীকে মারধর, ভয়ভীতি দেখানো এবং তাঁর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি আদায়ের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, প্রস্তাবিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীর সঙ্গে বিরোধের সূত্রপাত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসা থেকে ২৮ বছর বয়সী বর্ষিণীকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ আগস্ট ভোরে তরুণ নামে ওই ব্যবসায়ী নিজের বাসায় ফেরেন। সেখানে আগে থেকেই বর্ষিণী, তাঁর বন্ধু সঞ্জয় এবং আরও দুজন ছিলেন। অভিযোগ, তাঁরা সবাই মিলে তরুণকে মারধর করেন। একপর্যায়ে তাঁর কাছ থেকে জোর করে ৫০ হাজার রুপি নগদ নেওয়া হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষিণী ও তাঁর কয়েকজন বন্ধু তরুণকে তাঁদের প্রস্তাবিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। তবে তরুণ সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।

অভিযোগ রয়েছে, পরে ভয়ভীতি দেখিয়ে তরুণকে বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের ব্যাংক হিসাবে ২ লাখ রুপি পাঠাতে বাধ্য করা হয়। এর সঙ্গে ৫০ হাজার রুপি নগদ নেওয়া হয়। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি আদায় করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে এরপরও তাঁকে ছাড় দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। বরং তাঁর কাছে আরও ২৭ লাখ রুপি দাবি করে হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে তরুণ থানায় অভিযোগ করেন।

তদন্তে নেমে পুলিশ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্য যাচাই করে বর্ষিণীর ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের প্রমাণ পায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপরই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়।

মামলার পরবর্তী তদন্তে অভিযোগের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকা এবং অর্থ লেনদেনের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

মন্তব্য করুন