বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৬ পিএম

অনলাইন সংস্করণ

বিয়ে নিয়ে আগ্রহ নেই রাইমা সেনের, মা হওয়ার জন্যও বিয়ে জরুরি নয়

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় অভিনয় করছেন। পারিবারিক অভিনয় ঐতিহ্যের ধারাবাহিকতায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। ৪৭ বছর পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি এই অভিনেত্রী।

তবে জীবনের এই পর্যায়ে এসে বিয়ে নিয়ে আগের মতো কোনো তাগিদ অনুভব করেন না বলে জানিয়েছেন রাইমা। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

হলিউড তারকা টম ক্রুজকে পছন্দ করেন রাইমা। এ নিয়ে মজা করে তাঁকে প্রশ্ন করা হয়, টমকে না পাওয়ার কারণেই কি তিনি এখনো একা? জবাবে রাইমা বলেন, তাঁর বোনও এ নিয়ে মজা করেন। কলকাতায় উপযুক্ত কাউকে খুঁজে পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহরের বাইরে তিনি খুব একটা যান না। একই সঙ্গে জানান, এই বয়সে এসে বিয়ে করার তাগিদও আর অনুভব করেন না এবং সম্পর্কের বন্ধন নিয়েও তাঁর ভাবনা রয়েছে।

মেয়ের বিয়ে না করা নিয়ে মা মুনমুন সেনের চিন্তা হয় কি না—এমন প্রশ্নের জবাবে রাইমা জানান, আগে তাঁর মা এ নিয়ে চিন্তা করতেন। তবে এখন দেশ-দুনিয়ার পরিস্থিতি দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন।

রাইমার ভাষ্য, তাঁর মা এখন বলেন, জোর করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। ভবিষ্যতে একাকিত্ব অনুভব করলে অনেকগুলো পোষ্য দত্তক নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

মা হতে চান কি না—এমন প্রশ্নে রাইমা বলেন, তিনি শিশুদের খুব ভালোবাসেন। তবে সন্তান ও সংসারের সবকিছু সামলাতে পারবেন কি না, তা নিয়ে তাঁর ভয়ও রয়েছে। ভবিষ্যতে তাঁর ইচ্ছা বদলাতে পারে বলেও জানান অভিনেত্রী।

ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করে তিনি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছেন বলে জানান। একই সঙ্গে তাঁর কাছে একটি বিষয় পরিষ্কার—শুধু মা হওয়ার জন্য বিয়ে করা জরুরি নয়।

এদিকে রাইমা সেনকে সামনে দেখা যাবে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী।

মন্তব্য করুন